Ridge Bangla

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আলোচনা হয়েছে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন সময় এসেছে সেই সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রেও সমান উচ্চতায় নিয়ে যাওয়ার।”

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন অচল থাকা বাংলাদেশ–পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পুনরায় কার্যকর করা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিতেও গুরুত্বারোপ করেন তিনি।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অগাধ সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো তা পূর্ণমাত্রায় কাজে লাগানো যায়নি। আমরা পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।”

This post was viewed: 44

আরো পড়ুন