Ridge Bangla

দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ রোববার

আসছে রোববার (১০ আগস্ট) দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারও তথ্য ভুল থাকলে পরবর্তী ১২ দিনের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হবে। প্রকাশিত খসড়া তালিকা উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেওয়া হবে।

খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তরসহ যেকোনো সংশোধনের জন্য আবেদন করা যাবে নির্ধারিত ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪-এর মাধ্যমে। এসব আবেদন গ্রহণের শেষ দিন ২১ আগস্ট।

আবেদন নিষ্পত্তির কাজ সম্পন্ন হবে ২৪ আগস্টের মধ্যে উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের তত্ত্বাবধানে। সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।

ইসির তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ ছাড়া যাদের বয়স আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

This post was viewed: 29

আরো পড়ুন