Ridge Bangla

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল ও প্রস্তুত। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি। এক বছর আগে ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। কিন্তু ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।”

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারে তিন দিনের সংলাপ শুরু হয়েছে। “স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শীর্ষক এ সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

উদ্বোধনী বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে— দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য রোডম্যাপ প্রণয়ন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সঙ্গে সংলাপের উদ্যোগ, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।

তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান, “রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

This post was viewed: 30

আরো পড়ুন