Ridge Bangla

দেশে ফিরলেন ভারতে আটক ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন। একই সময়ে বাংলাদেশে অবস্থানরত ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের উপস্থিতিতে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজত থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন মৎস্যজীবীকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। অপরদিকে, বাংলাদেশের হেফাজতে থাকা ভারতের মালিকানাধীন দুটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এই পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

This post was viewed: 15

আরো পড়ুন