Ridge Bangla

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার

২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটার কর্তনের কাজ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন। অপরদিকে মৃত বা অযোগ্য হিসেবে ১ হাজার ৩৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। তাতে প্রায় ৪৫ লাখ ৭১ হাজার নতুন ভোটার যুক্ত হলেও কর্তন করা হয় ২১ লাখের বেশি নাম। তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে তিনটি ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার মধ্যে একটি প্রকাশিত হয়েছে ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং শেষ তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবর। তখন ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররাও যুক্ত হবেন।

This post was viewed: 34

আরো পড়ুন