Ridge Bangla

দেশের ৪৯ জেলায় হচ্ছে নতুন জিলা স্কুল

বর্তমান সরকার একটি আধুনিক, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ৪৯টি জেলায় নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, ব্রিটিশ আমলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৩টি জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। এরপর পাকিস্তান আমলে কুষ্টিয়া ও বরগুনা জেলাতেও দু’টি জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয়।

নতুন জিলা স্কুল প্রতিষ্ঠা নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময়ে সাহসী উদ্যোগ এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবেই মূলত এই জিলা স্কুল প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতি হয়নি। তবে এখন যেসব জেলায় এই স্কুল নেই সেখানে নতুন করে প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার এগিয়ে যাবে। প্রয়োজনে একাধিক বছরে প্রয়োজনীয় অর্থের সংস্থান করে হলেও এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জিলা স্কুলগুলো প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, অর্থাৎ উচ্চমাধ্যমিক স্কুলের আদলে হবে, যা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য ও ঐতিহাসিকভাবে স্বীকৃত জিলা স্কুলের সংখ্যা ১৫টি। এর মধ্যে ১৩টি ব্রিটিশ আমলে এবং বাকি দু’টি (কুষ্টিয়া ও বরগুনা) পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া বর্তমানে সারা দেশে সরকারি ও জাতীয়করণকৃত মিলিয়ে মোট ৬৯১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন