ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের বিষয়ে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, চলমান লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হলেও তার প্রভাবে সৃষ্ট এই লঘুচাপের কারণে আগামী দুই-তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ ঝড় অব্যাহত থাকতে পারে।