Ridge Bangla

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলবিরোধী কার্যক্রমের সাফল্যকে লক্ষ্য রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে একটি সুস্থ, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, কচুয়া থেকে যেভাবে নকলবিরোধী আন্দোলন শুরু হয়ে ইতিবাচক ফল দিয়েছে, একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও এখান থেকেই শুরু করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই মাদক, সন্ত্রাস কিংবা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না। শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত অগ্রযাত্রায় এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে সংস্কার ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এ সময় শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

This post was viewed: 4

আরো পড়ুন