Ridge Bangla

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নিয়োগের এই দায়িত্ব পালন করবে বিপিসি।

অন্যদিকে, এসব এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাঁদের আওতাধীন প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নিয়মিত দৈনিক প্রতিবেদন জমা দেবেন।

এছাড়া, সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানোর জন্য সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন