Ridge Bangla

দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জে ত্রয়োদশ নির্বাচন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো যেনতেন বা রুটিন নির্বাচন নয়। এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা থাকলেও এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ঢাকা ও চট্টগ্রামের পর কুমিল্লা জেলায় সংসদীয় আসনের সংখ্যা বেশি। ফলে নির্বাচনী কার্যক্রমের ব্যাপ্তি ও কর্মব্যস্ততাও এখানে তুলনামূলকভাবে বেশি। এ কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রাধিকারমূলক দায়িত্ব। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলো শতভাগ সিসিটিভি নজরদারির আওতায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সভায় বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, এনএসআই ও ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন