Ridge Bangla

দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রের প্রকৃত শক্তি। তিনি আরও বলেন, ভোটাধিকার কোনো দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, গণতন্ত্রের বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে পারে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রচারণার আওতায় ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলায় পরিভ্রমণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন