Ridge Bangla

দেশের অভ্যন্তরে ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট কার্যক্রমে গতি এসেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী সারা দেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ হাজার ৯০২ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। পাশাপাশি ২ হাজার ৩৯৪ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন।

এদিকে প্রবাসী ভোটারদের অংশগ্রহণেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত পৌঁছেছে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি প্রবাসী ব্যালট।

সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

This post was viewed: 7

আরো পড়ুন