Ridge Bangla

দেশজুড়ে শীত ও কুয়াশার প্রভাব, তাপমাত্রা আরও কমার শঙ্কা

ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশা ও শীতল আবহাওয়ার প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করায় কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থায় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১২ ডিগ্রি সেলসিয়াস। এই শীতল পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 26

আরো পড়ুন