Ridge Bangla

দেউলিয়াত্ব থেকে কোটি টাকার পারিশ্রমিক, অনুপম খেরের ঘুরে দাঁড়ানোর গল্প

বলিউডে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করা অনুপম খেরকে অনেকেই দীর্ঘদিন ধরে সফল অভিনেতা হিসেবে দেখে আসছেন। তবে তাঁর ক্যারিয়ারের মধ্যভাগে এমন এক সময় এসেছিল, যখন চরম আর্থিক সংকটে পড়েছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই দুঃসময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

১৯৮৪ সালে মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অনুপম খেরের চলচ্চিত্রযাত্রা শুরু হয়। বয়স ছিল মাত্র ২৮ বছর, অথচ চরিত্রে ছিলেন একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ। এরপর টানা বহু বছর বড় প্রযোজনার ছবিতে কাজ করলেও ২০০০-এর দশকের শুরুতে পরিস্থিতি বদলে যায়। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এবং টেলিভিশনে কাজের উদ্যোগ তাঁকে আর্থিকভাবে ভীষণ চাপে ফেলে।

ইউটিউব শো ‘আনফিল্টারড উইথ সামদিশ’-এ অনুপম খের জানান, ২০০৪ সালে তাঁর আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিলেন। ধার করে সংসার চলছিল, আর ব্যাংক হিসাবে অবশিষ্ট ছিল মাত্র ৪০০ রুপি। সে সময় বাড়ি ও অফিস- দুটোই বন্ধক রাখতে হয়েছিল।

সেই সময়ও নিয়মিত বড় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অনুপম খের। বাইরে থেকে তাঁকে সফল মনে হলেও বাস্তবে তিনি লড়াই করছিলেন গভীর অর্থনৈতিক সংকটের সঙ্গে। ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে তিনি আবার নিজের অবস্থান গড়ে তোলেন।

বর্তমান সময়ে নিজের পেশাগত অবস্থান সম্পর্কে অনুপম খের স্পষ্টভাবে জানিয়েছেন, এখন তিনি প্রতি ছবিতে ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। আগেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ব্যবসায়িক দিকটি তাঁর শক্ত জায়গা নয়। আর্থিক ধাক্কা কাটিয়ে আবার শুরু করাই ছিল তাঁর জীবনের বড় চ্যালেঞ্জ।

This post was viewed: 31

আরো পড়ুন