মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অনুষ্ঠিত হলো দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এয়ার শো। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই আয়োজনে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল-সবুজের উৎসব, যা মুহূর্তেই দর্শনার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো এলাকা।
এয়ার শোতে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো সমন্বিত কৌশলে আকাশে নানা রঙ ছড়িয়ে দেয়। একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ পুরোনো বিমানবন্দর এলাকার আকাশে প্রবেশ করে কয়েকটি চক্কর দেয়। এরপর কিছু সময় বিরতি দিয়ে আবারও পাঁচটি উড়োজাহাজ রঙ ছড়াতে ছড়াতে হাজির হয় এবং শেষে পাঁচ দিক দিয়ে আলাদা হয়ে যায়। এই দৃশ্য বারবার দর্শকদের করতালি ও উল্লাসে মুখর করে তোলে। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে।
এয়ার শোর আরেক আকর্ষণ ছিল হেলিকপ্টার প্রদর্শনী। হেলিকপ্টারগুলো জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা বহন করে আকাশে উড়তে থাকে, যা বিজয়ের আবহকে আরও গৌরবান্বিত করে। অনুষ্ঠান দেখতে সকাল থেকেই পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে।
অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কপালে বাঁধা ছিল লাল-সবুজ রঙের ফিতা ও বিজয় দিবস লেখা ব্যান্ড। কেউ কেউ এসেছিলেন লাল-সবুজ পোশাকে সজ্জিত হয়ে। আগারগাঁও-সংলগ্ন ফটক দিয়ে নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীদের প্রবেশ করানো হয়। তবে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলে অনেকে বাইরে অপেক্ষায় থাকেন।
তবুও পুরো আয়োজন জুড়ে ছিল বিজয়ের আনন্দ, গর্ব আর উচ্ছ্বাস।