দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা স্বাভাবিক জনজীবন ও নৌ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১৫টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।