Ridge Bangla

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক ব্যাটারিচালিত ভ্যানচালককে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জিয়ানগর ইউনিয়ন পরিষদের কাছে নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে তিনি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।

This post was viewed: 3

আরো পড়ুন