Ridge Bangla

দুদকের মামলা: নারায়ণগঞ্জে জিয়াউল আহসান ও স্ত্রীর ফ্ল্যাট সিলগালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং তাঁর স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা একটি ফ্ল্যাট প্রশাসনের হাতে সিলগালা করা হয়েছে। অভিযানে রূপগঞ্জের জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের ‘জয়িতা’ নামের আটতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটি সিলগালা করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ ফ্ল্যাটটি সিলগালা করেন। তবে ভবনের অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়া থাকায় এবং ভাড়াটিয়া বসবাস করায় সেগুলো সিলগালা করা হয়নি। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে জিয়াউল আহসান ও তাঁর স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এই কর্মকর্তা নিজ নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমা লঙ্ঘন করে ৫৫ হাজার মার্কিন ডলার জমা এবং আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।

মামলায় বলা হয়েছে, জিয়াউল আহসান ও তাঁর স্ত্রী এই অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও হস্তান্তর করেছেন। আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির লঙ্ঘনের অভিযোগে তাঁকে গত বছরের ৭ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়।

This post was viewed: 5

আরো পড়ুন