Ridge Bangla

দীর্ঘ ২১ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভাকে কেন্দ্র করে ময়মনসিংহজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা জানিয়েছেন, জনসভাটি ‘জনসমুদ্রে’ পরিণত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জনসভায় সভাপতিত্ব করবেন। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তার ভাষায়, তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাকে একনজর দেখার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠে শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ সময় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। এবারের সমাবেশ ঐতিহাসিক রূপ নেবে বলে তারা আশাবাদী।

সমাবেশস্থলে সুপেয় পানি, চিকিৎসা সহায়তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এবং বিশেষ ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে জননিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।

This post was viewed: 18

আরো পড়ুন