ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া আবারও অভিনয়ে ফিরছেন। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজেই ঘোষণা দেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুন শীঘ্রই ‘আবার প্রলয় সিজন টু’ ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। এই সিরিজের প্রথম সিজন রাজ চক্রবর্তীর পরিচালনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। রাজ চক্রবর্তী ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের প্রথম ঝলক প্রকাশ করেছেন। শুটিং হবে নৈহাটি, কলকাতা, রাণাঘাট এবং ঝাড়খণ্ড সীমান্ত এলাকায়।
অভিনেত্রী জানান, শুটিংয়ে অংশগ্রহণে তিনি উচ্ছ্বাসিত। তবে সামনের বছর ভারতের বিধানসভা নির্বাচনের কারণে রাজনৈতিক দায়িত্বের সঙ্গে অভিনয় সামঞ্জস্য করা কিছুটা চ্যালেঞ্জিং হবে। জুন বলেন, বিধানসভা নির্বাচনের সময়ে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সময় বের করা কঠিন। তবে আগামী বছর জুন মাস নাগাদ বাংলা ধারাবাহিকে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
জুনের অভিনয় দর্শকরা শেষবার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখেছেন। সেখানে তিনি গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকে গৌরব ও শোলাঙ্কি রায় জুটি বেঁধেছিলেন।