বলিউডে কাজের সময়সীমা নিয়ে দীপিকা পাড়ুকোনের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আট ঘণ্টার বেশি শুটিং না করার শর্ত দিয়ে একটি ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই সিদ্ধান্তকে ঘিরে মতভেদ তৈরি হলেও অভিনেত্রী কারিনা কাপুর খান প্রকাশ্যে তাঁর সমর্থন জানিয়েছেন।
কারিনার মতে, অভিনেত্রীদের নিজেদের কাজের শর্ত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলার স্বাধীনতা থাকা উচিত। তিনি বলেন, চলচ্চিত্র জগতে এমন পরিবেশ থাকা প্রয়োজন, যেখানে অভিনেত্রীরা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে আলোচনা করে কাজের সময় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য ঠিক করতে পারেন। বিশেষ করে মাতৃত্বের পর পরিবার ও পেশা একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়ে। তাই সন্তানকে সময় দেওয়াকে অগ্রাধিকার দেওয়া একেবারেই যৌক্তিক।
দীপিকার অবস্থান ও কারিনার সমর্থনকে কেন্দ্র করে চলচ্চিত্র জগতে কাজের পরিবেশ এবং অভিনেত্রীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারিনা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, একটি ছবির শুটিংয়ের সময় দীর্ঘদিন বিদেশে থাকতে হলেও শুটিংয়ের সময়সূচি এমনভাবে ভাগ করা হয়েছিল, যাতে তিনি মাঝেমধ্যে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। তাঁর মতে, প্রযোজনা সংস্থার এই ধরনের বোঝাপড়া থাকলে একজন অভিনেত্রীর পক্ষে পেশাগত দায়িত্ব ও পারিবারিক জীবন- দুটিই সমানভাবে সামলানো সম্ভব।