আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের আদর্শে দেশ পরিচালনা করা হবে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যেটার মালিক মানুষ নয়, সেটার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনের আগেই যারা প্রতারণা শুরু করেছে, তারা ক্ষমতায় গেলে কী করবে তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত। অতীতে ভোট ডাকাতি করে যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতোই নতুন করে ষড়যন্ত্র চলছে। তবে দেশের জনগণ ৫ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে সব ষড়যন্ত্রই প্রতিহত করা সম্ভব।
গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন আনা হবে। কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে এবং কৃষকদের পাশে দাঁড়াবে। পাশাপাশি লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং নারী সমাজকে স্বনির্ভর করার পরিকল্পনার কথাও জানান তিনি।