দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আবারও তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় কয়েক ঘণ্টা পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।
আজ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয়। এ সময় নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের তীব্র উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগ তুলে ধরা হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন ভারতে পালিয়ে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সপ্তাহ না যেতেই ফের তাকে পাল্টা তলব করায় দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।