দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে ১১টি বাড়ি। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন রইচ উদ্দিন (৭০) নামের প্যারালাইজড এক বৃদ্ধ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গুচ্ছগ্রামের একটি ঘর থেকে হঠাৎ আগুন দৃশ্যমান হয়। মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘর থেকে ঘরান্তর দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যায় তাদের কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী। এছাড়াও আগুনে সাতটি গরু মারা গেছে। স্থানীয় সূত্র জানায়, দগ্ধ হয়ে মারা যাওয়া রইচ উদ্দিন শারীরিকভাবে প্যারালাইজড ছিলেন। আগুনের সূত্রপাতের সময় তিনি ঘর থেকে বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।