Ridge Bangla

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, পিতা-পুত্রসহ আহত ৭ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)-সহ অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় সাইদুর রহমানের শ্বশুরপক্ষের কয়েকজন লোক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে নুর ইসলামের ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দর্শনা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। শ্বশুরপক্ষের লোকজন এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন