কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে গঠিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এই সরকারের মূল দায়িত্ব।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ কোনো দলের স্বার্থ রক্ষা নয়। এ কারণেই বিএনপি সরকারকে চাপ প্রয়োগের পরিবর্তে নীতিগত ভিন্নমত প্রকাশ করেছে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই আমরা গণতান্ত্রিক পথ মনে করি।
তিনি সতর্ক করে বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। অতীতে যেমন গুপ্ত কৌশলে তারা কাজ করেছে, এখনো সেই পন্থায় গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে।
তারেক রহমান অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর প্রতি আহ্বান জানান, “গুপ্ত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ৫ আগস্টে পালিয়ে যাওয়া অপশক্তি যেন কোনো দলের আড়ালে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই এখন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার একমাত্র উপায়। বিএনপি সেই ঐক্য ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রেখেছে।