Ridge Bangla

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির ২০ জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করেছেন এবং সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ কমিটির গুরুত্বপূর্ণ ছয় নেতা। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও আটজন নেতাকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে সহ-সভাপতি জি এম সাদরিল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবরসহ একাধিক ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। অপরদিকে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়নসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও বহিষ্কার করা হয়েছে। সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও এই তালিকায় রয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন