Ridge Bangla

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

২০২৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। তারই দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের আগেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এই সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগেভাগেই ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের সঙ্গে পরিচিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা বড় আসরের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে। এমনটিই জানিয়েছেন বিসিবি ক্রিকেট বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস।

আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। তার আগে বাংলাদেশ ‘এ’ দলের এই সফরটি ব্যাকআপ খেলোয়াড় তৈরি কিংবা কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।

কয়েক বছর ধরেই জাতীয় দলের আগে ‘এ’ দল বিভিন্ন দেশ সফর করছে। তারই ধারাবাহিকতায় এই সফর। ২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আগে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছিল। তখন মুশফিকুর রহিম, মুমিনুর হকরা তাদের সঙ্গে খেলে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলেন এবং ইতিবাচক ফল পেয়েছিলেন।

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ‘এ’ দলের এই ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বাউন্সিং উইকেট, পেস বোলিংয়ের গতি কিংবা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দ্বিপক্ষীয় সিরিজ এবং বিশ্বকাপ- উভয় ক্ষেত্রেই এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখবে।

মূলত বিশ্বকাপের বড় লক্ষ্য সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন