Ridge Bangla

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৭৯

থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংককের উত্তরে বান থানন খোট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী ট্রেন ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাত্রা করছিল। সে সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত নির্মাণাধীন দ্রুতগতির রেলপথ প্রকল্পে ব্যবহৃত বিশালাকৃতির ক্রেনটি ট্রেনের ওপর ভেঙে পড়ে।

ক্রেন পড়ার প্রভাবেই ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়, অন্য বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ক্রেনটি রেলপথ নির্মাণ কাজের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে উদ্ধারকাজ চালাচ্ছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। নিহতদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণের বিষয়েও তৎপর থাকার প্রতিশ্রুতি দিয়েছে থাইল্যান্ড সরকার।

This post was viewed: 20

আরো পড়ুন