আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি প্রভাবশালী সংস্থা- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)- আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই সংস্থার প্রতিনিধিরা প্রায় এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে নির্বাচন-পূর্ব প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া সরেজমিনে মূল্যায়ন করবেন।
এর আগে গত বছরের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা করে। সে সময় তারা নির্বাচন কমিশনের বেশ কয়েকটি উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া এবং নতুন করে ৪৪ লাখ ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখযোগ্য বলে জানায় সংস্থাদ্বয়।
পাশাপাশি জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদে স্বাক্ষর এবং আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও তারা স্বাগত জানায়। তবে ওই মিশনে রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির অংশগ্রহণ ও অবস্থান ঘিরে অনিশ্চয়তা প্রাক-নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলতে পারে বলে মন্তব্য করা হয়।
আইআরআই পরবর্তীতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত, ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো রোধ এবং স্থানীয় পর্যবেক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করে। সংস্থাটির মতে, পর্যবেক্ষকদের উপস্থিতি সহিংসতা প্রতিরোধ ও ভোটের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।