ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের অবশ্যই সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না, বরং সেবা দেয়। পুলিশকে সম্মান, শালীনতা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জিত হলে আইন প্রয়োগ আরও সহজ ও কার্যকর হবে।
দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এবং রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। এ থেকে মুক্ত থাকতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা ও নৈতিকতার পরিচয় দিতে হবে।
নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো পুলিশ সদস্য প্রার্থী বা তাদের এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করতে পারবেন না। বেআইনি আদেশ বা স্বার্থান্বেষী কোনো এজেন্ডার পক্ষেও কাজ করা যাবে না।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে বিভিন্ন বিসিএস ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।