Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এ ছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের প্রধান, জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, আসন্ন নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে ১ হাজার ৯৯৪ জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, “৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষকও নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।”

নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটারদের ভোট নিশ্চিত করা হবে।

নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের মাধ্যমে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের সকল পর্যবেক্ষক এবং বিদেশি কূটনীতিকদের সহযোগিতা থাকবে।

This post was viewed: 12

আরো পড়ুন