আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “নির্বাচন কমিশন আজ দেশের ৬৪টি জেলার ৩০০টি আসনে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে। এসব কেন্দ্রে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।”
ইসি সচিব আরও জানান, অস্থায়ীভাবে ১৪টি ভোটকেন্দ্র রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে এই সংখ্যা পরবর্তীতে সামঞ্জস্য করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ছিল ৪২ হাজার ১৪৮টি। ফলে এবার ভোটকেন্দ্র কিছুটা বেড়েছে। তবে ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ইসি সচিব।
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টিতে। তিনি বলেন, “ভোটকেন্দ্রের বণ্টন এবার আরও যৌক্তিক ও ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ করা হয়েছে, যাতে ভোটাররা সহজে কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।”