ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ২০৯টি আসনে জয়লাভ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয় অর্জন করেছে। এই দলগুলোকে নিয়ে ইতোমধ্যে একটি ১১ দলীয় জোট গঠিত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস- প্রতিটি দল একটি করে আসনে জয় পেয়েছে। পাশাপাশি সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ৩০০টি আসনের মধ্যে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট আসনের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। এছাড়া চট্টগ্রামের দুটি আসনের ফলাফল হাইকোর্টে দায়ের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেট আকারে প্রকাশ করা হবে না। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।