Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এই কার্যক্রম শুরু করছে। ইসির তথ্যমতে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদ দিয়ে ২৯৮টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরুতে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাছাইয়ে ১ হাজার ৮৫৮টি মনোনয়ন বৈধ এবং ৭২৬টি বাতিল হয়। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে ৬৩৯ জন আপিল করেন, যার মধ্যে ৪৩১ জন পুনরায় বৈধতা পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

This post was viewed: 15

আরো পড়ুন