ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তার নতুন দল আম–জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তরের নিবন্ধন পেয়েছে।
গত বছরের ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন হুমায়ুন কবীর। শুরুতে তিনি দলের নাম রাখেন ‘জনতা উন্নয়ন পার্টি’ এবং একে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তবে ওই নাম নিবন্ধনের ক্ষেত্রে জটিলতায় পড়েন তিনি।
রাজ্য নির্বাচন কমিশন জানায়, পশ্চিমবঙ্গে আগে থেকেই একই নামে আরেকটি দল নিবন্ধিত রয়েছে। ফলে নতুন করে সেই নাম ব্যবহার করা সম্ভব নয়। পরে নামের সঙ্গে ‘আম’ শব্দটি যুক্ত করে দলের নাম পরিবর্তন করে ‘আম–জনতা উন্নয়ন পার্টি’ রাখা হয়।
এরপর সংশোধিত নাম নিয়ে আবার আবেদন করা হলে গত বুধবার রাজ্য নির্বাচন দপ্তর দলটির নিবন্ধন অনুমোদন দেয়। নতুন দলের নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই নতুন দল কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ভর করবে আসন্ন নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ওপর।