Ridge Bangla

তিন মাসের জন্য স্থগিত এনইআইআর পদ্ধতি: ডিসি মাসুদ

দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, বর্তমান পরিস্থিতি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এনইআইআর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত আগামী তিন মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান। তবে এনইআইআর পদ্ধতি বন্ধ রাখার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ, ভোক্তা সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি- সব দিক বিবেচনায় রেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধন করা হয়। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য চোরাই, অবৈধ বা অননুমোদিত হ্যান্ডসেট শনাক্ত করা এবং মোবাইল অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করা।

This post was viewed: 32

আরো পড়ুন