Ridge Bangla

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে স্বল্প সময়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংক্ষিপ্ত আলোচনার পর ভুটানের প্রধানমন্ত্রীকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে রাষ্ট্রীয় সম্মানসূচক ১৯ বার তোপধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জাতির শ্রদ্ধার প্রতীক সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান। সেখানে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে শেরিং তোবগে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তাঁর সফরকালীন সময় বাংলাদেশ-ভুটান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

This post was viewed: 43

আরো পড়ুন