Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার এবং পারস্পরিক আস্থা ও ঐক্য জোরদারের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, আলোচনায় তারেক রহমান স্পষ্টভাবে বলেন, তিনি কোনো ধরনের সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করেন না এবং এ বিষয়ে বিএনপির অবস্থান সুস্পষ্ট।

বৈঠকে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী রাষ্ট্র। এখানে ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ভিত্তিক বিভাজনের রাজনীতি দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারেক রহমান জানান, গণতান্ত্রিক রাজনীতির মূল শক্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করা।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অতীতেও দলটি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ ও সুব্রত চৌধুরী শ্রীশ্রী। এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বৈঠকে অংশ নেন।

This post was viewed: 27

আরো পড়ুন