বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও অনেক বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা।
এছাড়া তৈরি পোশাক, বস্ত্র, স্টিল, ওষুধ, ব্যাংকিং, অটোমোবাইল ও ভোক্তা পণ্য খাতের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। উপস্থিত ব্যবসায়ীরা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, শিল্পখাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। তাঁরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় দলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থান তুলে ধরেন।