বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
এছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রাজনৈতিক, নির্বাচন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। বিএনপির সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিপ্রেক্ষিত, চলমান নির্বাচনী প্রক্রিয়া ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও দলের শীর্ষ নেতারা একে অপরের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করেছেন এবং চলমান রাজনৈতিক ইস্যুগুলো সমাধানের জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরেছেন।