রাজধানীর গুলশান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের কাছে সন্দেহজনক আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রোববার (৪ জানুয়ারি) সকালে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক করা হয়। একই দিন বেলা সোয়া ১১টার দিকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে একই এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম আটককৃত ব্যক্তি রুহুল আমিন বাসভবন ও তার আশপাশের বিভিন্ন স্থানের ছবি তুলছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন।
দ্বিতীয় ব্যক্তি ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উভয় ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। ওমর ফারুকের স্থায়ী ঠিকানা সম্পর্কে বিশদ তথ্য জানা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসার আশপাশের এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”