বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহৃত বুলেটপ্রুফ চলন্ত গাড়িতে অজ্ঞাত দুই ব্যক্তি একটি খাম লাগিয়ে পালিয়ে গেছে। ঘটনা ঘটেছে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর, গুলশান দলের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে। চার দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান গাড়িতে ওঠার সময় গুলশান ৬৫ নম্বর সড়ক পার হচ্ছিলেন। নিরাপত্তা হিসেবে গাড়ির সামনে-পেছনে বিএনপির নিজস্ব সিএসএফ সদস্যরা মোতায়েন ছিলেন। ঠিক তখনই হেলমেট পরিহিত দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে এসে গাড়িতে স্পর্শ করে আঠাযুক্ত খাম লাগিয়ে দ্রুত সটকে পড়ে। তবে খামে কী ছিল, তা দল বা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
ঘটনার পর গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ও চালক এখনও শনাক্ত হয়নি। ডিএমপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “সব সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করলে খামের প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”