Ridge Bangla

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নবগঠিত সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন সরকারের সঙ্গে সেই সহযোগিতা আরও বিস্তৃত করতে তাঁর সরকার কাজ করে যাবে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও শিক্ষা খাতে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন