বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মঙ্গলবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। একই দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পথ সুগম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন দলটির শীর্ষ নেতারা।
পরে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেন।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।