Ridge Bangla

তারেক রহমানকে খোলা চিঠি লিখলেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী

গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি উষ্ণ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি তার শৈশব থেকে বর্তমান পর্যন্ত দেশপ্রেম, রাজনৈতিক বিশ্বাস এবং সংগ্রামের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

চিঠিতে শিবলী তার কৈশোরের স্মৃতিচারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে চলন বিলে খাল কাটার স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেই অভিজ্ঞতাই তার দেশপ্রেম ও পরিচয় গঠনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি নব্বইয়ের দশকের এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং বেগম খালেদা জিয়াকে নেত্রী হিসেবে দেখার স্মৃতিও তুলে ধরেন। রাজনৈতিক প্রতিকূলতার মুখে ক্ষমতার রাজনীতির পরিবর্তে গান, কবিতা ও লেখালেখির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

চিঠিতে শিবলী বর্তমান সরকারকে ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ও ‘ভারতের সেবাদাসী’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে লেখনী ও রাজপথের লড়াইয়ে তার সম্পৃক্ততার কথা বলেন। তিনি ৫ আগস্ট শাহবাগ চত্বর দখলের ঘটনাকেও স্মরণ করেন।

তিনি দেশবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে দেওয়া অভূতপূর্ব সংবর্ধনাকে তার পিতা ও মাতার আত্মত্যাগের ফল হিসেবে ব্যাখ্যা করেন। চিঠিতে ২০ ডিসেম্বর ওসমান হাদির জানাজায় ‘দিল্লি না ঢাকা?’, ‘গোলামী না আজাদী?’, ‘আপস না সংগ্রাম?’- এই প্রশ্নগুলোর উত্তরে জনগণের ‘ঢাকা’, ‘আজাদী’ ও ‘সংগ্রাম’ স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, এটিই বাংলাদেশের প্রকৃত গতিপথ, যা জিয়াউর রহমান নির্ধারণ করে গেছেন।

চিঠির শেষাংশে লতিফুল ইসলাম শিবলী তারেক রহমানকে এই গতিপথের ‘সারথী’ হওয়ার আহ্বান জানান এবং তার জন্য আল্লাহর কাছে সৎ নেতৃত্ব ও ইনসাফ কামনা করেন।

This post was viewed: 16

আরো পড়ুন