Ridge Bangla

তামিল অভিনেতা কৃষ্ণা মাদক মামলায় গ্রেপ্তার

ভারতের বিনোদন জগতে তারকাদের মধ্যে মাদক সংশ্লিষ্টতার ঘটনা ক্রমেই বাড়ছে। সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা কৃষ্ণা। এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেতা শ্রীকান্ত। বৃহস্পতিবার (২৬ জুন) চেন্নাইয়ের আলোচিত কোকেন মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিনেতা কৃষ্ণা ও কেভিন নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেভিন নিজেই মাদক সেবন করতেন এবং অভিনেতা কৃষ্ণাসহ আরও অনেকের কাছে মাদক বিক্রি করতেন। ফলে কৃষ্ণার বিরুদ্ধে শুধু মাদক সেবনের নয়, বরং মাদক সরবরাহের অভিযোগও উঠেছে।

পুলিশ জানায়, প্রযুক্তিভিত্তিক তদন্ত, আর্থিক লেনদেনের তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে কৃষ্ণার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও উঠে আসে, কৃষ্ণা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাদকসেবীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সেখানেই মাদক ব্যবহারের সময় ও স্থান নির্ধারণ হতো।

অভিযান চলাকালে কেভিনের কাছ থেকে ০.৫ গ্রাম কোকেন, ২.৪ গ্রাম গাঁজা, ১০.৫ গ্রাম মেথামফেটামিন এবং নগদ ৪৫ হাজার রুপি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কৃষ্ণা তামিল চলচ্চিত্রের খ্যাতনামা এক পরিবারের সদস্য। তিনি প্রখ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের ছোট ভাই এবং প্রযোজক আর কে বর্ধনের ছেলে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক মাদক সংক্রান্ত ঘটনায় দিন দিন উদ্বেগ বাড়ছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের মূলহোতাদের ধরতে অভিযান আরও জোরদার করা হবে।

This post was viewed: 23

আরো পড়ুন