Ridge Bangla

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

এর আগে গত সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো। দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে নামার পরিকল্পনা করছে। নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন বৈধ হওয়ার খবরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার নিজ এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ইতোমধ্যে ওই আসনেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

This post was viewed: 35

আরো পড়ুন