Ridge Bangla

ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রতিমন্ত্রী আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ভোট গণনা ও ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে আবেদন দায়ের করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে।

এর আগে একই ধরনের অভিযোগ এনে ঢাকা-৬ ও ৭, রাজশাহী-১ ও ৪, পাবনা-৪ এবং রংপুর-৪ ও ৬-সহ দেশের ১৫টিরও বেশি আসনের বিভিন্ন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনি অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই আইনি ক্ষমতা অনুযায়ী প্রধান বিচারপতি একটি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালে সংশোধিত) অনুসারে দায়ের করা এসব আবেদন গ্রহণ, রুল জারি এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে এই বেঞ্চ।

এদিকে আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এপ্রিল ও মে মাসের বিভিন্ন তারিখে এসব আবেদনের ওপর ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপি প্রার্থী আমিনুল হকের করা আবেদনটিও নিয়ম অনুযায়ী শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন