অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কবে নাগাদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, নিশ্চিতভাবেই বলতে পারি আমি নির্বাচনে অংশ নেব। পদত্যাগের বিষয়টি সরকারের শীর্ষপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ধানমন্ডিতেই স্থায়ীভাবে থাকার পরিকল্পনা রয়েছে, তাই এখানেই ভোটার হওয়ার আবেদন করেছি।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিতে হলে আপনি কোথায় ভোটার, সেটি আসলে মুখ্য বিষয় নয়। দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেই যথেষ্ট। আমি ঢাকায় ভোটার হতে চেয়েছি, যাতে আমার ভোটটি নিজের নির্বাচনী এলাকায় দিতে পারি এবং তা অপচয় না হয়।
এর আগে আসিফ মাহমুদ একটি টকশোতে ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তার প্রার্থিতা এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।